নিজস্ব প্রতিনিধি, লংগদু : রাঙামাটির লংগদু উপজেলার রাবেতা মডেল হাই স্কুলের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে কৃষ্ণচুড়া গাছতলে দাঁড়িয়ে আবারো দেশ গড়ার শপথ নিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা। ১৯৯৬ সাল থেকে ২০১৪ সালের ব্যাচের ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়।
৩১ জুলাই ২০১৪ বৃহস্পতিবার পুনর্মিলনী উদযাপন কমিটির উদ্যোগে বেলা এগারটায় শুরুতে সমবেত প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে এসেম্বিলি করা হয়। এর পরেই জাতীয় সঙ্গীত শেষ করে দেশ গড়ার কাজে প্রত্যয় নিয়ে আবারো শপথ নিলো বিদ্যালয়ের দেড় শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী।
বিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল, পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, শিক্ষক সংবর্ধনা, মধ্যাহ্নভোজ, খেলাধূলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন, এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র ও দৈনিক ইনকিলাবের সাব এডিটর সৈয়দ ইবনে রহমত।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, লংগদু সদর ইউপি চেয়ারম্যান সুখময় চাকমা, রাবেতা প্রজেক্ট কো-অডিনেটর মো. সাইফুল্লাহ, বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. এখলাস মিঞা খান, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন ছাত্র আবু বকর সিদ্দিক মামুন ও সহকারী সি. শিক্ষক আল-মামুন ইবনে মিজান।
প্রধান অতিথির বক্তব্যে মো. তোফাজ্জল হোসেন বলেন, প্রথমবার রাবেতা মডেল হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী হচ্ছে। এতে যে আনন্দ হচ্ছে তা বলে বুঝানো যাবে না। তিনি সকলকে এই বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে হাড়ি ভাঙ্গা, বালিশ দখল এবং বেলুন ফাটানোসহ বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজন করা হয়। সব শেষে পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে পুনর্মিলন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন